দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৭ নভেম্বর, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন:
দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় আলফাডাঙ্গা আদর্শ কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, উদ্দীপনা ও দেশপ্রেমের চেতনায় ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। নতুন প্রজন্মের মাঝে ইতিহাস-ঐতিহ্য, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে দিনটি উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

শনিবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। 

অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম. এম. মুজিবুর রহমান মুজিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় ঐক্য ও সংহতির চেতনা নতুন প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবোজ্জ্বল ইতিহাসের সঠিক পাঠ নিতে হবে।” তিনি আরও বলেন, “দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, মানবিক মূল্যবোধ ও দায়বদ্ধতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় সংহতি বজায় রেখেই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।”

প্রভাষক মো. বাবুল শিকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহাম্মদ কবিরুল আলম, সহকারী অধ্যাপক লাকিবুর রহমান মিয়া ও প্রভাষক মো. শাকিল হোসেন। বক্তারা দিবসের গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ‘৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় ঐক্য’ বিষয়ে এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের সৃজনশীল লেখনীর মাধ্যমে দিনটির তাৎপর্য ফুটিয়ে তোলে। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ইতিহাসচর্চায় আগ্রহী করা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ও উৎসবমুখর হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।