ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা পুলিশের আলোচনা সভা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৭ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা পুলিশের আলোচনা সভা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা এবং প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। এসব কর্মসূচিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। 

আলোচনা সভায় পুলিশ সুপার দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনীকে সর্বদা দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান। 

এছাড়া দিবসটি উদযাপনের অংশ হিসেবে ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের উদ্যোগে ‘লাল দল’ ও ‘সবুজ দল’-এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। শুধু উপস্থিতিতেই নয়, তিনি নিজে মাঠে নেমে খেলায় অংশ নিয়ে পুলিশ সদস্যদের উজ্জীবিত করেন।

খেলা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পুলিশ সুপার অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা বজায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। 

অনুষ্ঠান শেষে পুলিশ সদস্যদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।