সালথায় বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৭ নভেম্বর, ২০২৬ ১০:৩০ পিএম
শেয়ার করুন:
সালথায় বাউষখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী বাউষখালী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভাপতি মেজর (অব.) এম এম শাহ্ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আতিয়ার রহমান ফকির, অভিভাবক সদস্য রাধেশ্যাম দাস, সমাজসেবক ও শুভাকাঙ্ক্ষী নুরুল আমিন খান (আলমাছ), মো. মোস্তাফিজুর রহমান মঞ্জু কাজী, আবুল কালাম আজাদ ফারুক ও মো. ইদ্রিস মাতুব্বর। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) এম এম শাহ্ আলম বলেন, "১৯৭৫ সালের ৩ নভেম্বর সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর একটি অংশ ক্যান্টনমেন্টে বন্দি করে রাখে। পরবর্তীতে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বন্দিদশা থেকে মুক্ত হন। এর মধ্য দিয়েই দেশের রাজনীতি ও শাসনব্যবস্থায় তাঁর গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকার সূচনা হয়।"

তিনি আরও বলেন, "৭ নভেম্বরের চেতনা ও জাতীয় সংহতির মর্যাদাকে সমুন্নত রাখতে হলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।" পরিশেষে তিনি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।