দৌলতপুরে ভাড়াটিয়া তাড়িয়ে বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে ভাড়াটিয়া তাড়িয়ে বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়িসহ পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে বাড়িছাড়া করা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সেলিম তোহা (৬০) বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার ১ নম্বর প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা সেলিম তোহা পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ১৮ দশমিক ০৫ শতক জমিতে প্রায় ৩০ বছর ধরে বাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। জমিটি ওই ইউনিয়নের মাদাপুর গ্রামসংলগ্ন এলাকায় অবস্থিত। বর্তমানে ওই বসতবাড়িটি ভাড়া দিয়ে তিনি জয়পুর গ্রামে নতুন বাড়ি করে সপরিবারে বসবাস করছেন। 

ভুক্তভোগী জানান, উক্ত জমি ও বসতবাড়ি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিজ্ঞ দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে (মামলা নং: ১৭৫/২০২৬)। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গত ২৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও বাটাম নিয়ে দলবদ্ধভাবে জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে থাকা ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয় এবং মূল দরজায় তালা ঝুলিয়ে দেয়। 

ঘটনার খবর পেয়ে সেলিম তোহা বাধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘটনাস্থল থেকে সরে এসে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে চারজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন—মো. জাহিদুল ইসলাম (৪০), মোছা. হামেদা খাতুন (৫৫), মোছা. রাশেদা খাতুন (৫৫) ও মোছা. সুলতানা খাতুন (৫০)। 

এ বিষয়ে অভিযোগকারী সেলিম তোহা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।