বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও দুজনকে জখমের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন:
বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও দুজনকে জখমের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে গুলি এবং অপর দুজনকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফাহাদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার আমানউল্যাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার আইয়ুবপুরে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫)। পথে পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। এ সময় আনোয়ারের চিৎকারে শিহাব ও সৌরভ নামে দুই ভাই তাঁকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ব্যবসায়ী আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, ব্যবসায়ীকে গুলি ও দুজনকে আহত করার ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি ফাহাদকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।