ভারতে এলো ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা

অনলাইন ডেস্কঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০২ পিএম
শেয়ার করুন:
ভারতে এলো ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা

বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্বে অংশ নিতে ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ স্টিলথ যুদ্ধবিমান এবং দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর সদস্য। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এই দল ইতিমধ্যে রাজস্থানের যোধপুর বিমানঘাঁটিতে অবস্থান নিয়েছে। ভারতের আকাশে বহুপাক্ষিক মহড়ায় দেশটির পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলোর অভিষেক হতে চলায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং যুদ্ধবিমানগুলোর কিছু ছবিও শেয়ার করেন। 

রাষ্ট্রদূত লেখেন, *“যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানশক্তি! ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ এবং ২০০ সদস্যের মার্কিন বিমানবাহিনী এখন ভারতে। ভারতীয় বিমানবাহিনী ও অংশীদার দেশগুলোর সঙ্গে ভারতের আকাশে এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর কার্যক্রম দেখতে পেরে আমি আনন্দিত।”*

ভারতীয় বিমানবাহিনীর বরাতে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ‘তরঙ্গ শক্তি’ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই বহুপাক্ষিক মহড়ায় স্বাগতিক ভারত ছাড়াও অংশ নিচ্ছে মোট সাতটি দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত। 

মহড়ায় ভারত নিজেদের রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করছে। 

আয়োজকদের মতে, এই মহড়ার মূল লক্ষ্য হলো ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা এবং অংশগ্রহণকারী মিত্র দেশগুলোর বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক পেশাদারিত্ব, সমন্বয় ও যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।