এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মোঃ মিজানুর রহমান। তিনি সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধন তৎপরতা আরও জোরদার করার ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস.এম. রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জামিউল ইসলাম এবং কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ আহম্মেদ আজমলসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালে কমলাপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, নালা-নর্দমা এবং আশপাশের উন্মুক্ত স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা ধ্বংস ও ওষুধ ছিটানো হয়।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পৌরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়—প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।