এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির

অনলাইন ডেস্কঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ এএম
শেয়ার করুন:
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির

চাঁদা না দেওয়ার অভিযোগে রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যক্তিগত স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে নিজের নিরাপত্তা ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সালমান মুক্তাদির বলেছেন, “এটা বাংলাদেশ, সুযোগ পেলে আমি বের হয়ে চলে যাব।”

স্টুডিওর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, একদল দুর্বৃত্ত হঠাৎ স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা কনটেন্ট তৈরির প্রয়োজনীয় মূল্যবান যন্ত্রপাতি, কর্মীদের ব্যবহৃত মোবাইল ফোন এবং মানিব্যাগ লুট করে নিয়ে যায়।

ঘটনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান মুক্তাদির বলেন, “আমি পুলিশ ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি চাঁদা না দেওয়ার কারণেই নাকি এ ঘটনা ঘটেছে। যদিও চাঁদা আমার কাছে সরাসরি চাওয়া হয়নি। তবে কারণ যাই হোক না কেন, ক্ষতি তো হয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমি দেশের আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি।” নিজের ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়ে তিনি আরও যোগ করেন, “আমি সব সময় নিজের শক্তিতে লড়াই করে কাজ করেছি, এবারও হয়তো পরিস্থিতি সামলে নিতে পারব। কিন্তু প্রশ্ন হচ্ছে—সাধারণ কয়জন মানুষ এমন মনোবল নিয়ে টিকে থাকতে পারবে?”

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা ও দায়িত্ব নিয়ে হতাশা প্রকাশ করে সালমান মুক্তাদির বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার কী করণীয়, তা উনি ভালোভাবেই জানেন। তিনি কতটুকু করতে পেরেছেন, তা দেশবাসীই বলতে পারবে।”

চরম আক্ষেপ নিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর সবশেষে বলেন, “এখানে কারও ওপর দোষ চাপিয়ে নতুন করে বলার কিছু নেই। এটিই এখন দেশের চিত্র। আমরা এভাবেই জন্ম নিয়েছি, এভাবেই বড় হচ্ছি। তবে যদি পারি আমি দেশ ছেড়ে চলে যাব। আর যাদের উপায় নেই, তাদের হয়তো এখানেই থেকে যেতে হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।