মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪ এএম
শেয়ার করুন:
মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

"সুশিক্ষায় গড়ি দেশ, সবার বাংলাদেশ এবং বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে ধারণ করে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, উপহার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী মহাবিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল, খাতা ও কলম দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের হাতে প্রাতিষ্ঠানিক উপহার হিসেবে কলেজ ব্যাগ, ক্যাপ ও টি-শার্ট তুলে দেওয়া হয়।

মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ পল্লব কুমার দে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ৯ নম্বর চাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের আনুষ্ঠানিক জ্ঞান অর্জন করলেই চলবে না; দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।" একই সঙ্গে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডা. খলিলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী সামসুন নাহার, যশোর শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান পিকুল।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর প্রধান অতিথি প্রকৌশলী মো. মঞ্জুরুল কবীরের অর্থায়নে মহাবিদ্যালয়ে নতুন স্থাপিত ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’-এর শুভ উদ্বোধন করেন।

দিনব্যাপী এ আয়োজনে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।