রাস্তা থেকে ইট লুটের অভিযোগে কুদ্দুসকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুল ইসলামের

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ পিএম
শেয়ার করুন:
রাস্তা থেকে ইট লুটের অভিযোগে কুদ্দুসকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুল ইসলামের

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরখোলাবাড়িয়ায় গ্রামীণ রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই লাখ ইট তুলে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত কুদ্দুসকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিগনগর ঘাট থেকে ট্রলারযোগে মধুমতি নদীর ভাঙনকবলিত চরখোলাবাড়িয়া এলাকা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে স্থানীয় আল হেলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

উপজেলা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমি পুলিশ প্রশাসন ও ইউএনও মহোদয়কে বলব, অনতিবিলম্বে অভিযুক্ত কুদ্দুসকে গ্রেপ্তার করতে হবে।” একই সঙ্গে তিনি সরকারি রাস্তা থেকে বিপুল পরিমাণ ইট তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মধুমতি নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আপনারা আমাকে ভোট না দিলেও আমার মনটা সবসময় এই এলাকার মানুষের জন্যই কাঁদে। মানুষের বাড়িঘর, চাষাবাদের জমি ও শেষ সম্বল বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা হয়তো চোখের পানি ফেলছেন, আমার চোখ দিয়ে পানি না পড়লেও অন্তরে ঠিকই রক্তক্ষরণ হচ্ছে।”

ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “চরখোলাবাড়িয়ার নদীভাঙন ঠেকাতে আমি সংশ্লিষ্ট প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। এছাড়া সার্বিক পরিস্থিতি তুলে ধরতে খুব দ্রুতই পানিসম্পদ মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার চেষ্টা করব। নদীগর্ভে যা বিলীন হয়েছে তা তো আর ফেরানো যাবে না, তবে বাকি অংশ যেন রক্ষা করা যায়, সেই চেষ্টা চালানো হবে।” এ সময় তিনি দুর্গত এলাকাবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন ও প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ। 

এছাড়া পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন মোল্যা, বিএনপি নেতা রবিউল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আল আমিন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।