‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ পিএম
শেয়ার করুন:
‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী

একটি উপযুক্ত দিনক্ষণ ঠিক করে পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাঁর এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বের হয়ে আসার সময় সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া ওয়ান’-এর প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বৈঠকের সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ 

পরবর্তীতে পাকিস্তান সফরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব এবং উপযুক্ত সময়ের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।’ 

এ সময় উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনিও সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’

বৈঠক পরবর্তী এক যৌথ প্রতিক্রিয়ায় জানানো হয়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের সরকারপ্রধানই পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু এবং দুই দেশের জনগণের কল্যাণে অভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সংলাপ বজায় রাখার বিষয়েও একমত হন তাঁরা।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান এবং বিশ্ব সংস্থার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের যেকোনো পদক্ষেপে ইসলামাবাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, শিক্ষা, পর্যটন এবং সাধারণ মানুষের মধ্যকার যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) জোরদারে উভয় দেশই তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।