থানচিতে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন:
থানচিতে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের থানচিতে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে থানচি সদর ও বিকেলে বলীপাড়া বাজারে এই কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, সকালে থানচি সদরে এবং বিকেলে বলীপাড়ায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল দুটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রাই মারমা, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, তিন্দু ইউনিয়ন বিএনপির সভাপতি শৈবাথোয়াই মারমা, রেমাক্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মংএনু মারমা ও সাধারণ সম্পাদক উবামং মারমা, থানচি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা। এছাড়াও স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান বক্তারা বলেন, "স্বাধীনতার পর থেকেই থানচির মাটি ও এখানকার ১১টি জাতিগোষ্ঠীর মানুষ জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের ম্যান্ডেটহীন কোনো অপশক্তিকে দেশের মাটিতে আর কোনো নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "শান্তিপূর্ণ থানচিসহ পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে।"

সমাবেশ থেকে বিগত সময়ের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরিশেষে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।