থানচির দুর্গম লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন:
থানচির দুর্গম লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পর্যটনকেন্দ্র লাংলোক ঝর্ণায় ট্রেকিং করতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীন তিন্দুমুখ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে নাফিস মাশরুর ইসলাম (৩০) নামের ওই পর্যটককে উদ্ধার করেন। নাফিস ঢাকার মিরপুরের পূর্ব সেনপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

ট্যুর গাইড জওয়াইপ্রু মারমা জানান, রোববার সকালে পর্যটক ও পথপ্রদর্শকসহ সাতজনের একটি দল থানচির তিন্দু ইউনিয়নের ‘বাঘের স্বং’ হয়ে লাংলোক ঝর্ণা ভ্রমণে যায়। ইঞ্জিনচালিত নৌকায় করে তারা প্রথমে বাঘের স্বং এলাকায় পৌঁছান। সেখান থেকে প্রায় দেড় ঘণ্টা দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে ঝর্ণায় যান তারা। সেখানে পৌঁছানোর পর তীব্র গরম ও দীর্ঘ সময় ট্রেকিংয়ের ক্লান্তিতে নাফিস মাশরুর ইসলাম হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাঁর সহযাত্রীরা বিষয়টি মুঠোফোনে ঢাকায় থাকা নাফিসের পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের পক্ষ থেকে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত তিন্দুমুখ ক্যাম্পের বিজিবি সদস্যদের ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে লাংলোক ঝর্ণায় পৌঁছান এবং অসুস্থ পর্যটককে উদ্ধার করেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিরাপদে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ রয়েছেন এবং বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন।

এ বিষয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় বিপদগ্রস্ত পর্যটকের জীবন রক্ষায় দ্রুত সাড়া দিয়ে বিজিবির সদস্যরা তাঁকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে মানবিক দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে বিজিবি মানবিক সহায়তা দিয়ে থাকে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।