'মাদক ছেড়ে মাঠে চল’: কবিরহাটে ৭৫ প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন:
'মাদক ছেড়ে মাঠে চল’: কবিরহাটে ৭৫ প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে ধারণ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার ‘শিরিন গার্ডেন’ হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার মোট ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মোমিত ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কবিরহাট সরকারি কলেজের শিক্ষক মহিম চন্দ্র দাস, কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, সহ-সভাপতি কামাল হোসেন সৌরভ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক আবদুল বাছেত হিরন প্রমুখ।

প্রধান অতিথি ও বক্তারা বলেন, “তরুণ সমাজকে মাদক, বিপথগামিতা ও ডিজিটাল আসক্তি থেকে মুক্ত রাখতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।” একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে কবিরহাটে পর্যায়ক্রমে আরও শতাধিক প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। 

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ক্রীড়ানুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।