আবারও বিদ্যুৎহীন কিউবা, অন্ধকারে লাখো মানুষ

অনলাইন ডেস্কঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পিএম
শেয়ার করুন:
আবারও বিদ্যুৎহীন কিউবা, অন্ধকারে লাখো মানুষ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে আবারও অন্ধকারে নিমজ্জিত হয়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা। দেশটির জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় দ্বীপজুড়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। চলতি বছরে এটি কিউবার অন্যতম ভয়াবহ জাতীয় ব্ল্যাকআউট।

আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, কিউবার পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে পুরো জাতীয় গ্রিড অচল হয়ে পড়ে। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্ল্যাকআউটের বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধাপে ধাপে পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় জরুরি কার্যক্রম শুরু হয়েছে।

কিউবার বিদ্যুৎ ব্যবস্থা কয়েক বছর ধরেই চরম জ্বালানি সংকট, পুরোনো অবকাঠামো এবং উৎপাদনকেন্দ্রগুলোর নিয়মিত বিকল হওয়ার কারণে নড়বড়ে অবস্থায় রয়েছে। কিউবা সরকারের দাবি, কয়েক দশক পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি সংকটের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। 

বিদ্যুৎ সংকটের এই বিপর্যয়ের জন্য হাভানা বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জ্বালানি অবরোধকে দায়ী করছে। কিউবা কর্তৃপক্ষের ভাষ্য, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎকেন্দ্র সচল রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি এবং অবকাঠামো মেরামতের খুচরা যন্ত্রাংশ আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে ওয়াশিংটনের দাবি, কিউবা সরকারের নীতিগত ব্যর্থতা ও অব্যবস্থাপনাই দেশটির এই অর্থনৈতিক সংকটের মূল কারণ।

গ্রিড বিপর্যয়ের আগেই কিউবার বিভিন্ন অঞ্চলে নিয়মিত লোডশেডিং চলছিল। এমনকি কিছু কিছু এলাকায় টানা ৩০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে। দীর্ঘস্থায়ী এই বিভ্রাটের কারণে রান্নাবান্না, খাবার পানির সরবরাহ, যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থাসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

বিদ্যুৎহীনতার প্রভাব পড়েছে পরিবহন ও স্বাস্থ্যসেবায়ও। সংকট মোকাবিলায় পরিবহন সেবা সীমিত করা, বিভিন্ন অফিসের কর্মঘণ্টা কমানো এবং বিমান ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে নতুন এই ব্ল্যাকআউট দেশটিতে চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।