এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার বাহিনীকে চীনের দেওয়া গোপন সামরিক প্রশিক্ষণে ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ইউরোপের দুজন কর্মকর্তা এবং বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা অতি গোপনীয় কিছু রুশ সামরিক নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে রাশিয়া ও চীনের অন্তত চারজন জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে জানা গেছে।
কর্মকর্তাদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই উচ্চপর্যায়ের সামরিক সহযোগিতা রাশিয়া ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কেরই বহিঃপ্রকাশ। যদিও বেইজিং শুরু থেকেই ইউক্রেন সংকটে নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে, তবে এই প্রশিক্ষণ কার্যক্রমের খবর পুরো ইউরোপ জুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
রয়টার্সের দেখা রাশিয়ার একটি অতি গোপনীয় নথিতে ২০২৫ সালের আগস্টে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের জারি করা একটি অভ্যন্তরীণ ডিক্রির সরাসরি উল্লেখ রয়েছে। ডিক্রি অনুযায়ী, রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থাপনায় বিশেষ সামরিক মহড়ায় অংশ নিতে চীন সফর করে।
তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক যুদ্ধবিষয়ক প্রশিক্ষণ
নথিতে গত বছরের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। কোর্সটি মূলত ছিল তেজস্ক্রিয়তা, রাসায়নিক ও জৈবিক (সিবিআরএন) প্রতিরক্ষা সংক্রান্ত।
নথিতে থাকা কিছু ছবিতে দেখা গেছে, চীনা প্রশিক্ষকেরা রুশ সেনাদের পাঠ দিচ্ছেন এবং রুশ সেনারা একটি পরমাণু রিয়াক্টরের মডেল পর্যবেক্ষণ করছেন। এছাড়া তাঁদের ‘রাসায়নিক ও তেজস্ক্রিয়তা শনাক্তকরণ’ এবং ভবনের বায়ু চলাচল ব্যবস্থা দূষণমুক্ত রাখার উপায় শেখানো হচ্ছে।
ইউরোপীয় এক কর্মকর্তার মতে, যেকোনো দেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত ‘তেজস্ক্রিয়, জৈবিক ও রাসায়নিক’ যুদ্ধবিষয়ক প্রশিক্ষণ এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা স্পষ্ট করে যে, দুই দেশের এই সহযোগিতার কৌশলগত গুরুত্ব কতটা গভীর।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও অস্বীকার
এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে রাশিয়া বা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো সাড়া দেয়নি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সংকটে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এই প্রতিবেদনের দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানান যে, ব্রাসেলস তাদের নিজস্ব সূত্রে এই প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং এর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে। অন্যদিকে, ক্রেমলিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও, রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ এই খবরকে ‘সম্পূর্ণ আষাঢ়ে গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, চীনের কাছ থেকে রাশিয়ার সেনাবাহিনীর নতুন কিছু শেখার নেই।
বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা বনাম আধুনিক প্রযুক্তি
ইউক্রেন যুদ্ধে সরাসরি লড়াইয়ের কারণে রুশ বাহিনীর বাস্তব যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এর বিপরীতে, প্রযুক্তিগতভাবে উন্নত সেনাবাহিনী থাকা সত্ত্বেও গত কয়েক দশকে বড় কোনো যুদ্ধে জড়ানোর অভিজ্ঞতা নেই চীনের।
রয়টার্সের দেখা রাশিয়ার অভ্যন্তরীণ প্রতিবেদনে এই প্রশিক্ষণের ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিকই ফুটে উঠেছে। চীনের নানজিংয়ে হওয়া এক প্রশিক্ষণ নিয়ে তৈরি ওই প্রতিবেদনে আধুনিক সরঞ্জাম, সিমুলেটর এবং প্রশিক্ষকদের তাত্ত্বিক জ্ঞানের প্রশংসা করা হলেও, চীনের বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার অভাবের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
সম্পৃক্ত ছিলেন যেসব উচ্চপদস্থ কর্মকর্তা
সংবেদনশীল সামরিক নথি অনুযায়ী, এই প্রশিক্ষণ কার্যক্রমের ভিত্তি ছিল একটি দ্বিপাক্ষিক চুক্তি, যাতে স্বাক্ষর করেছিলেন রাশিয়ার মেজর জেনারেল রুস্তম খুসাইমভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন।
প্রশিক্ষণে অংশ নেওয়া রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাশিয়ার স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল রুস্তম মুরাদভ। অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএলএ-র রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স মিলিটারি একাডেমির প্রধান মেজর জেনারেল লি জিনসুন। এছাড়া রুশ মেজর জেনারেল ভিটালি গেরাসিমভও চীনের বেংবুতে আয়োজিত একটি কোর্সে অংশ নিয়েছিলেন বলে নথিতে প্রমাণ মিলেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।