এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারসংলগ্ন সেতুটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সেতুর পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে, ধসে পড়েছে পাটাতনের বিভিন্ন অংশ। কোথাও কোথাও কাঠের পাটাতন দিয়ে জোড়াতালি দিয়ে চলছে যানবাহন। মাঝের পিলার দেবে গিয়ে সেতুর উপরিভাগ ঢেউয়ের মতো উঁচু-নিচু হয়ে গেছে। এমন মরণফাঁদে পরিণত হওয়া সেতুটি দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও সেতুটি পুনর্নির্মাণে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
শনিবার দুপুরে সরেজমিনে কাগদী বাজারসংলগ্ন সেতু এলাকায় গিয়ে দেখা যায় এর বেহাল দশা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ করতে সেতুটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর প্রায় সাড়ে তিন দশক (৩৬ বছর) পেরিয়ে গেলেও সেতুটিতে কোনো বড় ধরনের সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
বর্তমানে সেতুর বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে এবং দীর্ঘদিনের মরিচায় তা ক্ষয় হয়ে গেছে। মাঝখানের কয়েকটি পাটাতন ভেঙে নিচের দিকে দেবে যাওয়ায় স্থানীয়রা কাঠ বিছিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করেছেন। এ ছাড়া মাঝের পিলার দেবে যাওয়ায় পুরো সেতু অসমতল রূপ নিয়েছে। সেতুর নিরাপত্তা রেলিংয়ের অধিকাংশ অংশ ভেঙে পড়েছে, কোথাও কোথাও তা বিপজ্জনকভাবে ঝুলছে। ফলে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, কাগদী বাজারসংলগ্ন এই সেতুটি মাঝারদিয়া ইউনিয়নের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ সেতু পেরিয়ে স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে যাতায়াত করে। এছাড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, হাটবাজার ও ধর্মীয় উপাসনালয়ে যাওয়ার একমাত্র পথ এটি। বিশেষ করে হাটের দিনগুলোতে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে গিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েন চালক ও যাত্রীরা।
কাগদী গ্রামের বাসিন্দা সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন অন্তত ১০-১৫টি গ্রামের মানুষ চলাচল করে। সেতুটির অবস্থা এতটাই খারাপ যে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারে নিতে পারেন না। কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে যেতে গিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যায়। কিছুদিন আগে এক স্কুলশিক্ষার্থী সেতুর ভাঙা অংশ দিয়ে নিচে পড়ে গিয়েছিল, ভাগ্য ভালো স্থানীয়রা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছে।”
শাহাদাত হোসেন নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “এটাই আমাদের চলাচলের প্রধান পথ। কিন্তু সেতুর দুরবস্থা দেখে ভাড়ার গাড়ি বা পণ্যবাহী যানবাহন এ পথে আসতে চায় না। ফলে সময় ও অর্থ—দুটোই অপচয় হচ্ছে আমাদের।”
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা একাধিকবার এসে মাপজোখ ও মাটি পরীক্ষা করে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই মিলছে, বাস্তবে কোনো কাজ শুরু হচ্ছে না। যে কোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তাঁরা। অনতিবিলম্বে পুরোনো সেতুটি অপসারণ করে একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেন, “কাগদী বাজারসংলগ্ন সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর পাটাতন ও রেলিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। সেখানে একটি নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।”
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, “কাগদী বাজারসংলগ্ন স্থানে নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে সেতুটি নির্মাণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।