সদরপুরে এক কেজি গাঁজাসহ ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম
শেয়ার করুন:
সদরপুরে এক কেজি গাঁজাসহ ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

ফরিদপুরের সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর হাটবাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আটক কালাম ফকির ওই ইউনিয়নের চর দড়ি কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালাম ফকির কৃষ্ণপুর বাজার ব্রিজসংলগ্ন খোকন মৃধার দোকানে চা পান করছিলেন। এ সময় তার গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করলে স্থানীয়রা তাকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কালাম ফকিরের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, "মাদকসহ এক ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।