চরভদ্রাসনে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন ও সেবাদাতা তালিকাভুক্তি নিয়ে অবহিতকরণ সভা

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন ও সেবাদাতা তালিকাভুক্তি নিয়ে অবহিতকরণ সভা

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি, শিল্প, বাণিজ্যিক ও ব্যক্তিগত পর্যায়ের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চরভদ্রাসন সাব-জোনাল অফিস, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এতে সভাপতিত্ব করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, চরভদ্রাসন সাব-জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. এনায়েত হোসেন। তিনি রুফটপ সোলার স্থাপনের বহুমুখী সুবিধা, সরকারের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও প্রণোদনা এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির নিয়মাবলি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, "বর্তমান সময়ে জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে রুফটপ সোলার কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো জরুরি।" একই সঙ্গে তিনি জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবদান রাখার স্বার্থে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি, সাংবাদিক মেজবা উদ্দিন, আব্দুস সবুর মোল্লা (কাজল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সোলার স্থাপনে আগ্রহী গ্রাহক এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হতে ইচ্ছুক উদ্যোক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।