ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুরের মধুখালীতে নিজের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর হাফিজার শেখকে (৫৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাফিজার শেখ কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও নথিসূত্রে জানা যায়, পারিবারিকভাবে হাফিজার শেখের ছেলের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পুত্রবধূকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হাফিজার। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি নিজেকে সংশোধন করেননি।

পরবর্তীতে ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার শেখ কৌশলে পুত্রবধূকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জা ও ভয়ে ভুক্তভোগী ওই নারী বাবার বাড়িতে চলে যান এবং পরে পরিবারের সদস্যদের পরামর্শে মধুখালী থানায় হাফিজার শেখকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জেল হোসেন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।