ফরিদপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চিকিৎসাধীন আরও এক যুবকের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চিকিৎসাধীন আরও এক যুবকের মৃত্যু

ফরিদপুরে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হৃদয় (২০) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় শাওন নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছিল। 

নিহত হৃদয় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কোতোয়ালি থানার বাঁখুণ্ডা এলাকায় মো. কাওসার মিয়ার নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের ভেতরে ছাদের সাটারিংয়ের বাঁশ-খুঁটি খুলতে নামেন রাজমিস্ত্রি শাওন। ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে দিনমজুর হৃদয় ট্যাংকের ভেতরে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ১২টার দিকে রাজমিস্ত্রি শাওন মারা যান। এরপর নিবিড় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে হৃদয়েরও মৃত্যু হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে নিহত হৃদয়ের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।