ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি দখলমুক্ত করতে এবং মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের সম্মুখভাগ থেকে এ অভিযান শুরু হয়। পরবর্তীতে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শাকিব রহমান আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সমন্বয় করেন ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। অভিযানে শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযানের ফলে হাসপাতাল চত্বর ও এর আশপাশে গড়ে ওঠা অসংখ্য অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব অবৈধ দখলের কারণে দীর্ঘদিন ধরে রোগী, অ্যাম্বুলেন্স ও সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে এবং উচ্ছেদ হওয়া স্থানগুলো পুনরায় দখল হওয়া ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। 

এদিকে হাসপাতাল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কটি দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও চিকিৎসা নিতে আসা রোগী-স্বজনেরা। 

সর্বশেষ খবর অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।