থানচিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবার পেল শর্তহীন নগদ সহায়তা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন:
থানচিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবার পেল শর্তহীন নগদ সহায়তা

বান্দরবানের থানচি উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১২০টি দরিদ্র পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে পরিবারপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ চট্টগ্রাম অঞ্চলের পিএইচপি-৩ (PHP-3) প্রকল্পের উদ্যোগে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরিচালিত জরুরি সহায়তা প্রকল্পের আওতায় এ অর্থ বিতরণ করা হয়।

কারিতাস বান্দরবান জেলার কর্মসূচি কর্মকর্তা রেমন আসামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউভার্ট রিবেরু। পিএইচপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা ডানিয়েল ছিপু গোমেজ, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সাবেক প্রধান শিক্ষক সত্য মনি ত্রিপুরা এবং মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেস। 

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী সোহেল রানা ও মো. রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চয়ন হিউভার্ট রিবেরু বলেন, “দুর্গম ও দুর্যোগকবলিত প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত প্রয়াস প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সমন্বিতভাবে কাজ করতে হবে।”

অন্যান্য বক্তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ের পাহাড়ি ঢল ও ভূমিধসে থানচির দুর্গম এলাকার বহু পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় মুহূর্তে এ ধরনের নগদ সহায়তা তাদের জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।

সংকটকালে সরাসরি আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহযোগী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং দেড় শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।