দৌলতপুরে নদীর পাড়ে বসে থাকা অবস্থায় বজ্রপাতে যুবকের মৃত্যু

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে নদীর পাড়ে বসে থাকা অবস্থায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে নদীর পাড়ে বসে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে আরোজ আলী (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরোজ আলী নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। একপর্যায়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ তাঁর ওপর তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বজ্রপাতের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে আরোজ আলীর এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। 

বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় সচেতন মহল জানান, আবহাওয়া খারাপ হলে কিংবা আকাশে মেঘের গর্জন শুরু হলে নদী তীর, খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।