থানচিতে আবুল খায়ের টোবাকোর সাড়ে ৫ লাখ টাকা নিয়ে বিক্রয় প্রতিনিধি লাপাত্তা, থানায় অভিযোগ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২০ পিএম
শেয়ার করুন:
থানচিতে আবুল খায়ের টোবাকোর সাড়ে ৫ লাখ টাকা নিয়ে বিক্রয় প্রতিনিধি লাপাত্তা, থানায় অভিযোগ

বান্দরবানের থানচিতে আবুল খায়ের টোবাকো কোম্পানির পণ্য বিক্রির নগদ সাড়ে ৫ লাখ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে উমংচিং মারমা (২৩) নামের এক বিক্রয় প্রতিনিধি উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় রবিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে আবুল খায়ের টোবাকো কোম্পানির থানচি পয়েন্টের সাব-ডিলার সোনাতন বড়ুয়া বাদী হয়ে থানচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত উমংচিং মারমা থানচি বাজারে কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উমংচিং মারমা মাসিক ১৪ হাজার টাকা বেতনে আবুল খায়ের টোবাকো কোম্পানির পণ্য বিক্রির দায়িত্ব পালন করতেন। কোম্পানির নিয়ম অনুযায়ী, সিগারেটসহ বিভিন্ন পণ্য দোকানে সরবরাহ করে প্রতি সপ্তাহে বিক্রির টাকা সোনালী ব্যাংকে থাকা কোম্পানির নিজস্ব ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা ছিল তার। কিন্তু গত ২৬ আগস্ট থেকে ০১ সেপ্টেম্বর পর্যন্ত থানচি বাজারের বিভিন্ন দোকান থেকে পণ্য বিক্রির বাবদ আদায় করা নগদ ৫ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেন। এরপর তিনি থানচি সদরের ভাড়া বাসা ছেড়ে পালিয়ে যান।

অভিযোগকারী সাব-ডিলার সোনাতন বড়ুয়া বলেন, "টাকাসহ নিখোঁজ হওয়ার পর থেকে গত এক সপ্তাহ ধরে তার স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। কোম্পানি থেকে দেওয়া স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন এবং তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।"

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, "কোম্পানির সাব-ডিলার সোনাতন বড়ুয়া এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।