মাদকের প্রতিবাদ করায় আগৈলঝাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, তীব্র ক্ষোভ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১০ আগস্ট, ২০২৬ ১০:৪২ পিএম
শেয়ার করুন:
মাদকের প্রতিবাদ করায় আগৈলঝাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, তীব্র ক্ষোভ

বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়া এবং এ নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় শাহাদাত হোসেন চৌধুরী নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরিকুল ইসলাম গাজী (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই সাংবাদিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম আমবৌলা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর ছেলে তরিকুল ইসলাম গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নজরে আসলে এর প্রতিবাদ করেন আগৈলঝাড়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী। একই সঙ্গে তিনি মাদকের এই অপতৎপরতা নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেন।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় অভিযুক্ত তরিকুল ও তার অনুসারীরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখাতে শুরু করে। একপর্যায়ে তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। এতে তিনি বর্তমানে পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “এলাকায় অবাধে মাদক বিক্রি ও সেবনের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। একজন দায়িত্বশীল নাগরিক ও সাংবাদিক হিসেবে আমি এর প্রতিবাদ করেছি এবং সংবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে আমাকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিকরা বলেন, মাদক একটি ভয়াল সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে কথা বলায় একজন সংবাদকর্মীকে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

তবে হত্যার হুমকির অভিযোগটি অস্বীকার করেছেন অভিযুক্ত তরিকুল ইসলাম গাজী। তিনি বলেন, “আমি আগে মাদক বিক্রি ও সেবন করতাম, তবে বর্তমানে এসবের সঙ্গে যুক্ত নই। সাংবাদিক শাহাদাতের সঙ্গে আমার সাধারণ কথাকাটাকাটি হয়েছে, তাকে কোনো হত্যার হুমকি দেওয়া হয়নি।”

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।