বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পিএম
শেয়ার করুন:
বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ একদল পিকেটার গাড়িদহ এলাকায় মহাসড়কে জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে পিকেটাররা মহাসড়কে থাকা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নেভান। এতে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পিকেটাররা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।