জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে কাপ্তাইয়ের সাংবাদিক ও তবলাশিল্পী অর্ণব মল্লিকের সাফল্য

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৮ আগস্ট, ২০২৬ ৪:২৫ পিএম
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে কাপ্তাইয়ের সাংবাদিক ও তবলাশিল্পী অর্ণব মল্লিকের সাফল্য

সাংবাদিকতা ও সংগীতচর্চার শত ব্যস্ততার মাঝেও শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃতি সন্তান অর্ণব মল্লিক। সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফলে ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগ থেকে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তিনি। 

তিনি রাঙামাটি সরকারি কলেজ থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অর্ণব মল্লিক কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকার অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মল্লিক ও গৃহিণী রিপু মল্লিকের সন্তান।

পেশাগত জীবনে অর্ণব মল্লিক মূলধারার সাংবাদিকতায় সক্রিয়। তিনি বর্তমানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি খ্যাতনামা প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি সংগীত ভুবনেও রয়েছে তাঁর অনন্য অবস্থান। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন নিয়মিত ও নিবন্ধিত তবলাশিল্পী হিসেবে তিনি দেশজুড়ে সুপরিচিত। 

সাংবাদিকতার মতো চ্যালেন্জিং পেশা এবং নিবেদিত সংগীতসাধনার পাশাপাশি উচ্চশিক্ষার মতো ভিন্ন ধারায় নিজেকে সম্পৃক্ত রেখে অর্ণব মল্লিকের এই অর্জন পরিবার, স্বজন, সংবাদকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার ভাসিয়েছে।

নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে অর্ণব মল্লিক বলেন, "এই দীর্ঘ ও বর্ণিল পথচলাটি আমার জীবনের অন্যতম সেরা এবং সুন্দর সময় ছিল। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শুভানুধ্যায়ীদের জুগিয়ে যাওয়া অনুপ্রেরণার কারণেই আজকের এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ এবং আগামী দিনগুলোতেও সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।"

এদিকে অর্ণব মল্লিকের এই কৃতিত্বে কাপ্তাইয়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় প্রবীণ-নবীন সাংবাদিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, "কর্মজীবনের ব্যস্ততা ও নিয়মিত সাংস্কৃতিক সাধনার মাঝেও প্রবল ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম থাকলে যে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা যায়, অর্ণব মল্লিক তা প্রমাণ করেছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং তরুণ সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।