প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

অনলাইন ডেস্কঃ
১৭ জুন, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন:
প্রকাশ্যে জুঁইয়ের ‘পান খাইলা না’

এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফোক সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁইয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন ফোক গান ‘পান খাইলা না’। ঐতিহ্যবাহী সংগৃহীত কথা ও সুরে গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটির দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। 

নতুন এই গানটির পাশাপাশি জুঁইয়ের ভক্তদের জন্য আরও একটি সুখবর রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন মৌলিক গান ‘তুষের আগুন’। গানটির কথা ও সুর করেছেন এবি বাবু। ইতিমধ্যে জুঁই গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং খুব শিগগিরই নির্মাতা খান মাহি এই গানটিরও মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করবেন।

নতুন গান ও নিজের সংগীত ভাবনা নিয়ে জুঁই বলেন, “সরাসরি মঞ্চে (স্টেজ শোতে) গান গাইতে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো—তা দেশে কিংবা বিদেশে যেখানেই হোক না কেন। এছাড়া টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সরাসরি গান গাইতেও আমার দারুণ লাগে। সেখানে দর্শকেরা সরাসরি ফোন করে কথা বলেন এবং পছন্দের গানের অনুরোধ করেন। পুরো আয়োজনটি আমার কাছে ভীষণ উপভোগ্য মনে হয়।”

নতুন প্রকাশিত গান ও আগামী প্রজেক্ট নিয়ে তিনি আরও বলেন, “‘পান খাইলা না’ গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। যদিও এটি একটি সংগৃহীত গান, তবুও গানটির প্রতি আমার এক ধরনের অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আমার নতুন মৌলিক গান ‘তুষের আগুন’ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। আমার বিশ্বাস, নিয়মিত শ্রোতা ও ভক্তদের গানটির কথা ও সুর স্পর্শ করবে। গানটি প্রকাশের পর সবাইকে তা শোনার জন্য বিনীত অনুরোধ রইল।”

উল্লেখ্য, জুঁইয়ের কণ্ঠে এর আগে বেশ কিছু মৌলিক ফোক গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে; যার মধ্যে রয়েছে ‘তুমি বুঝলা না’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’, ‘মরার কোকিলে’ এবং ‘প্রেমের হাওয়া’। পাশাপাশি তাঁর কণ্ঠে বেশ কিছু কাভার গানও শ্রোতামহলে সমাদৃত হয়েছে, যেমন—‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘বন্ধু আইবা’, ‘জীবন মানেইতো যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’, ‘এক খান পান চাইলাম পান দিলে না’, ‘তোর পিরিতের এতো জ্বালা’ এবং ‘আইলানা আইলানা বন্ধু’।

সংগীতের প্রতি ভালোবাসার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও যুক্ত আছেন জুঁই। তিনি ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীতে অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে একই কলেজে একই বিষয়ে মাস্টার্স করছেন। শুধু অডিও বা স্টেজেই নয়, চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেও তাঁর যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি ‘শ্যুটার’, ‘অবতার’ এবং ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।