রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্কঃ
১৩ জুন, ২০২৬ ৩:৫৮ পিএম
শেয়ার করুন:
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দিবালোকে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী চত্বর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত নেতার নাম মাসুদ চৌধুরী। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম খালেক চৌধুরীর ছেলে। মাসুদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় আকস্মিকভাবে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।  

হত্যাকাণ্ডের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। দুপুরের পর থেকে তারা ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে রাউজান থানায় পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, "আমরা ঘটনাস্থলে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।"  

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।