নোয়াখালীতে ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, কার্যালয় ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৮ জুন, ২০২৬ ১০:২১ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, কার্যালয় ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নোয়াখালী সদর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমর্থকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছাত্রদলের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার (৬ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে একই স্থানে পাল্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। 

কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তাঁর বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের তর্কবিতর্ক ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার জেরে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে চেয়ারম্যানের ওপর হামলার ঘোষণা দেওয়া হলে আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শ্রমিক দল নেতা হৃদয়সহ তিনজন আহত হন। 

এই ঘটনার জেরে রাত পৌনে আটটার দিকে ছাত্রদলের ক্ষুব্ধ নেতাকর্মীরা পুনরায় একত্রিত হয়ে চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। 

চেয়ারম্যানকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, "চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের তিনজন আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।"

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।