এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে, গুম হয়েছে বহু মানুষ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jan 26, 2026 - 13:15
এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে, গুম হয়েছে বহু মানুষ

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় আসেনি; এটি অর্জনে ঝরাতে হয়েছে অনেক রক্ত। এই দাবি আদায়ে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন। একসময় আমার সাথে যারা রাজনীতি করতেন, তাদের অনেকেই আজ গুম হয়ে গেছেন। মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কেবল আপনাদের এবং এই আপামর জনসাধারণের সেবা করার জন্য।’

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাসভবনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম খান বাবুল তার বক্তব্যে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ৪ কোটি মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা হবে।’

নিজের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘আমি সাধারণ কৃষক পরিবার থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছি। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি, তবুও কখনোই আদর্শ থেকে একচুলও বিচ্যুত হইনি।’

উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পেয়াদার সঞ্চালনায় এবং অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির ও ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালালুদ্দিন রুমী।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোখলেসুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow