বেরোবি ও ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
৫ নভেম্বর, ২০২৫ ৫:১৪ পিএম
শেয়ার করুন:
বেরোবি ও ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বেরোবির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে।

এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জ্ঞান বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সমঝোতা স্মারকের ফলে উত্তরাঞ্চলের উন্নয়ন ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান উদ্ভাবনের পাশাপাশি শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, যিনি বলেন, “ইসলামিক রিলিফ বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে যৌথ কাজের নতুন সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করেছে। আমরা আশা করি, ইসলামিক রিলিফ বাংলাদেশ শিক্ষার্থীদের ইন্টার্নশীপ এবং স্কলারশিপ সুবিধাও প্রদান করবে।”

ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং আমাদের কার্যক্রমের মডেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীরা উপকৃত হবেন। তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের সমন্বয় উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মোঃ এনামুল হক সরকার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহিনুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।