আত্রাইয়ে হাজারো মানুষের যোগাযোগের একমাত্র সড়কে চরম দুরবস্থা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৮ জুন, ২০২৫ ৬:১৭ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে হাজারো মানুষের যোগাযোগের একমাত্র সড়কে চরম দুরবস্থা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া সিদ্ধেশ্বরী মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত একমাত্র সংযোগ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে রাস্তার পাকাকরণের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে, যার ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—সবাই ক্ষুব্ধ এই দীর্ঘসূত্রতায়।

রাজশাহীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, দু'টি ভ্যানও পাশাপাশি চলাচল করতে পারছে না। সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায় রাস্তাটি, ফলে এটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

রাস্তাটির পাশে রয়েছে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, বান্দাইখাড়া কারিগরি কলেজ, হাটুরিয়া ও হাটুরিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দ্বীপচাঁদপুর রফাতুল্ল্যা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। রাস্তার দুরবস্থার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিতভাবে সময়মতো পৌঁছাতে পারছে না, যা তাদের লেখাপড়ায় মারাত্মক প্রভাব ফেলছে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী শিশির সাহা জানান, "এই রাস্তায় গাড়ি চলাচল করা মানে জীবনের ঝুঁকি নিয়ে চলা। কাদা আর খানাখন্দে ভর্তি এই রাস্তা যেন এক বিভীষিকা। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।"

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, “বর্ষাকালে রাস্তাটি সম্পূর্ণ অচল হয়ে যায়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের চলাফেরা একপ্রকার বন্ধ হয়ে যায়। আমরা বারবার দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।”

এ বিষয়ে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, "রাস্তাটি উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। কাজটি দ্রুত শেষ করার প্রচেষ্টা অব্যাহত আছে।"

উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার জানান, “কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে কাজ কিছুটা ধীরগতিতে হচ্ছে। তবে আমরা গতি বাড়াতে পদক্ষেপ নিচ্ছি।”

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, "স্থানীয়দের সমস্যাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য।"

স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যাতে করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।