কালকিনিতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
১ অক্টোবর, ২০২৬ ১২:১৫ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রত্যয়ে মাদারীপুরের কালকিনিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলদ, বনজ ও ওষধি গাছের মোট ৮৫টি চারা রোপণ করা হয়। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, সদস্য-সদস্যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালকিনি পৌরসভা, চর দৌলতখান ও আলীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাম্প্রতিক সময়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কর্মসূচিতে তালগাছের চারা ও বীজ রোপণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান দাড়িয়ার, বীর মুক্তিযোদ্ধা সাইয়েদ সরদার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হামজাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রবিউল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপির দলনেতা ও সদস্য-সদস্যাবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে রোপণকৃত চারাগুলোর যথাযথ সুরক্ষা, পরিচর্যা ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।