শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ: দৌলতপুরে শিক্ষক আটক

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৮ পিএম
শেয়ার করুন:
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ: দৌলতপুরে শিক্ষক আটক

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে মোঃ গোলাম কিবরিয়া লালন (৫০) নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে। আটক শিক্ষক গোলাম কিবরিয়া ওই বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক এবং প্রাগপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণ প্রসঙ্গ নিয়ে আলোচনা ওঠে। এ সময় শিক্ষক গোলাম কিবরিয়া প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ পাওয়া যায়। উপস্থিত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষক শ্রেণিকক্ষে বলেন- “যে ব্যক্তি বাংলা উচ্চারণই করতে পারে না, সে দেশের প্রধানমন্ত্রী হয় কী করে?”

শিক্ষকের এমন মন্তব্যের পর ক্লাসরুমেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি মুহূর্তের মধ্যে জানাজানি হলে বিদ্যালয় প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য দেন। তাঁর ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

এ ঘটনায় বিদ্যালয় ও স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রকৃত ঘটনা ও পারিপার্শ্বিকতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।