পিরোজপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১ অক্টোবর, ২০২৬ ১২:১১ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার সব তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, “দেশের আর্থিক লেনদেনকে আধুনিক, ঝুঁকিমুক্ত ও আরও সহজলভ্য করতে ‘বাংলা কিউআর’ যুগান্তকারী ভূমিকা রাখছে। একটি নির্দিষ্ট কিউআর কোডের মাধ্যমেই সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা লেনদেনের সুবিধা পাচ্ছেন। এর ফলে নগদ টাকার ওপর নির্ভরতা ও লেনদেনের ঝুঁকি যেমন কমবে, তেমনি আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত হবে।”

সভায় বক্তারা তৃণমূল ও মার্চেন্ট পর্যায়ে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে জানানো হয়, পিরোজপুর জেলায় বাংলা কিউআর সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব পালন করছে। সভায় জেলার সার্বিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের এ সুবিধার আওতায় আনার বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।