দৌলতপুরে তারেক রহমানের ছবি অবমাননার অভিযোগ, এলাকায় ক্ষোভ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫১ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে তারেক রহমানের ছবি অবমাননার অভিযোগ, এলাকায় ক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার নিয়ে অশালীন অঙ্গভঙ্গি ও আপত্তিকর আচরণের ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে। এক এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ওঠা এ অভিযোগের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত তরুণের নাম আবু উবাইদা (১৯)। তিনি দৌলতপুরের কিশোরীনগর গ্রামের মাসুদুর রহমান ও রুবিনা আক্তার দম্পতির ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে গোপীনাথপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করছেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

অভিযোগে বলা হয়, আবু উবাইদা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (@abu405547) থেকে একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত একটি পোস্টার মাটিতে ফেলে তার সামনে আপত্তিকর বক্তব্য ও অশোভন অঙ্গভঙ্গি করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ভিডিওটিতে তারেক রহমানের ছবির উদ্দেশে বারবার চুম্বনসহ নানা কুরুচিপূর্ণ আচরণ প্রদর্শন করা হয়। প্রকাশের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা, ধারণের সময় এবং প্রকৃত উদ্দেশ্য কী ছিল—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ ঘটনায় এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না কিংবা অভিযুক্ত আবু উবাইদার বক্তব্য কী—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।