কুষ্টিয়ায় বাবা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বাবা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরে বানেজ মন্ডল নামে এক চৌকিদারকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. রাজীবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে বানেজ মন্ডলের নিজ বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ছেলে রাজীব একটি ভারী বিদেশি টর্চলাইট দিয়ে বাবা বানেজ মন্ডলের মাথার বাঁ পাশে সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। 

পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। তবে পথিমধ্যে মহিষকুন্ডি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব বাবার ওপর হামলার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার পেছনের মূল কারণ ও তথ্যগুলো তদন্ত করে যাচাই-বাছাই করা হচ্ছে। 

পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি জামিনে মুক্তি পেলে আত্মগোপনে চলে যাওয়ার আশঙ্কা থাকায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। এছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা গেছে, রাজীবের বিরুদ্ধে পূর্বে আর কোনো মামলার রেকর্ড নেই। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।