কাপ্তাই সীতা পাহাড় সংরক্ষিত বনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, সাঁটানো হলো সতর্কবার্তা

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ এএম
শেয়ার করুন:
কাপ্তাই সীতা পাহাড় সংরক্ষিত বনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, সাঁটানো হলো সতর্কবার্তা

রাঙামাটির কাপ্তাই সীতা পাহাড় সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। সংরক্ষিত এই বনাঞ্চলে সাধারণ পর্যটকদের অবাধ যাতায়াত ও অননুমোদিত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করেছে কাপ্তাই বন রেঞ্জ কর্তৃপক্ষ।

বন বিভাগ সূত্রে জানা যায়, শীত মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে কাপ্তাইয়ের এই দুর্গম পাহাড়ি এলাকায় ট্র্যাকিং বা রোমাঞ্চকর ভ্রমণের নামে নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রবেশ করেন একশ্রেণির পর্যটক। দুর্গম পথ ও গভীর অরণ্যের কারণে প্রায়শই পথ হারিয়ে বড় ধরনের বিপদের মুখে পড়েন তারা। 

সর্বশেষ গত ২৯ আগস্ট কাপ্তাইয়ের সীতা পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে সন্ধ্যার দিকে পথ হারিয়ে ফেলেন একদল পর্যটক। এ সময় পাহাড়ি ট্রেইল থেকে নামার পথে এক পর্যটক গুরুতর আহত হন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং স্থানীয় সংবাদকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে দুর্গম পাহাড় থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ এবং বনের বন্যপ্রাণী ও স্বাভাবিক পরিবেশ রক্ষার্থেই বন বিভাগ এবার কঠোর অবস্থান নিয়েছে।

এ বিষয়ে কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার জানান, কাপ্তাই সীতা পাহাড় সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ রক্ষা এবং সাধারণ ভ্রমণপিপাসুদের জীবনের ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। বনের প্রবেশপথসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে টানানো বিলবোর্ডে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

বন বিভাগ আশা করছে, প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা এই নিষেধাজ্ঞা মেনে চলবেন। এতে একদিকে যেমন বনাঞ্চলের বাস্তুতন্ত্র ও বন্যপ্রাণী সুরক্ষিত থাকবে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকেও রক্ষা পাবেন ভ্রমণকারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।