এক বলও না খেলেই সেমিতে বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ এএম
শেয়ার করুন:
এক বলও না খেলেই সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে মাঠে কোনো বল না গড়িয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের নিয়মানুযায়ী আইসিসির উচ্চতর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সুবাদে শেষ চারে জায়গা করে নিলো লিটন দাসের দল।

মঙ্গলবার জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচটিতে বৈরী আবহাওয়ার কারণে টস করাও সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

টানা বৃষ্টির কারণে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্বের সবকটি ম্যাচই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই দিনে শেষ আটের চারটি ম্যাচের কোনোটিতেই মাঠে বল গড়ায়নি, এমনকি টসও হতে পারেনি। বৃষ্টির কারণে মোট ছয়টি ম্যাচ এভাবে বাধাগ্রস্ত হলো।

মালয়েশিয়া গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিল। তবে নিয়মের মারপ্যাঁচে লড়াই না করেই ছিটকে যেতে হলো তাদের। শীর্ষ র‍্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় টাইগাররা।

শেষ চারে বাংলাদেশের লড়াই হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানও হংকংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিতে জায়গা করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এখন বৃষ্টি কেটে মাঠে জমে ওঠার অপেক্ষায় দুই দলের মহারণ।

বাংলাদেশ স্কোয়াড: 
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।