মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা: নিহত অন্তত ৩৩, আহত ৩৬

অনলাইন ডেস্কঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ এএম
শেয়ার করুন:
মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা: নিহত অন্তত ৩৩, আহত ৩৬

মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যে একটি ব্যস্ত বাজারসংলগ্ন এলাকায় সামরিক জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। 

রাখাইনের নিয়ন্ত্রণকারী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় ত্রাণকর্মীদের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী কিয়াউকটাও শহরের একটি বাজারের কাছে সোমবার এ বিমান হামলা চালানো হয়। হামলার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় একটি ত্রাণ সংস্থার দায়িত্বশীল প্রতিনিধি ওয়াই হুন আং জানান, হামলার শিকার এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থিত ছিল। চলমান সশস্ত্র সংঘাতের সঙ্গে ওই অঞ্চলের মানুষের সরাসরি কোনো সম্পৃক্ততা বা যোগসূত্র ছিল না।

ভয়াবহ এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। 

সামরিক জান্তা বাহিনী সাধারণত দাবি করে থাকে যে তারা বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো বর্বরোচিত বিমান হামলার পর এটিই রাখাইনে বেসামরিক নাগরিকদের ওপর চালানো অন্যতম প্রাণঘাতী ও ভয়াবহ হামলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।