কাপ্তাইয়ে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৫৯ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং জেলেদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। 

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই বিআরডিবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের আওতাধীন ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’-এর অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় কর্ণফুলী নদী তীরবর্তী এলাকার নির্বাচিত ২৫ জন মৎস্যচাষি ও মৎস্যজীবী অংশ নিচ্ছেন। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান। 

প্রশিক্ষণে হালদা ও তৎসংলগ্ন কর্ণফুলী নদীর পরিবেশগত গুরুত্ব, প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, আধুনিক নার্সারি ব্যবস্থাপনা, সঠিক ও নিরাপদ পদ্ধতিতে মাছের পোনা পরিবহন, টেকসই মৎস্যচাষের আধুনিক কৌশল এবং প্রচলিত মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ও বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হালদা ও কর্ণফুলী নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সুরক্ষার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে তৃণমূলের জেলেদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের মৎস্য খাতে এটি দীর্ঘমেয়াদি ও টেকসই ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।