শ্রীনগরে পদ্মায় অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ, ৩ জেলেকে দণ্ড

এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৫০ পিএম
শেয়ার করুন:
শ্রীনগরে পদ্মায় অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ, ৩ জেলেকে দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’-এর অংশ হিসেবে পদ্মা নদীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে প্রায় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা এবং অপর এক জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পদ্মা নদীর শ্রীনগর অংশে এ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আটক তিনজনের মধ্যে দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অপরজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধার হওয়া ২৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে শ্রীনগর থানা পুলিশ ও লৌহজং নৌ পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় আমাদের এ কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ ইলিশ শিকারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।