ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন:
ভান্ডারিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসির হাওলাদার (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির হাওলাদার পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া (৯ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত আনসার হাওলাদারের ছেলে। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার এসআই মোস্তফা সওকত জামান, এসআই শহিদুল ইসলাম ও এএসআই মো. আল মোশারেফের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আড়াইটার দিকে সেনেরহাট বাজারের ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় নাসির হাওলাদারকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।