পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত: কাজের শতভাগ মান নিশ্চিতের তাগিদ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত: কাজের শতভাগ মান নিশ্চিতের তাগিদ

পিরোজপুর পৌরসভার সার্বিক অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন ও তদারকি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "পিরোজপুর দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অবহেলিত। বর্তমান প্রেক্ষাপটে এই শহরের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে বরাদ্দ আসছে, তার প্রতিটি পয়সার সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।" 

তিনি আরও বলেন, "উন্নয়ন কাজ টেকসই করতে এবং এর গুণগত মান সার্বক্ষণিক তদারকির জন্য সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি ‘নাগরিক কমিটি’ গঠন করা প্রয়োজন। কাজের মান নিয়ে কোনো ঠিকাদার যেন কোনো ধরনের অনিয়ম করতে না পারে, সে ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখতে হবে।" কাজের শতভাগ গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি পৌরসভার নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির আশ্বাস দেন।

সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, "পৌরবাসীকে সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় পিরোজপুর পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে।" 

সভায় উপস্থিত বক্তারা পিরোজপুরের নগর উন্নয়নে যুগ্মসচিবের বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সাথে কোনো মহলের ব্যক্তিস্বার্থ যেন শহরের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। সভা শেষে চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সংগঠন ‘পজিটিভ পিরোজপুর’-এর সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।