কাউখালীতে গাছ থেকে দর্জি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২১ অক্টোবর, ২০২৬ ১:১৬ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে গাছ থেকে দর্জি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামের এক দর্জি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি গাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত স্বপন দেবনাথ উপজেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকার ‘শ্রুতি টেইলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কাউখালীতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর পৈতৃক বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপনের নিথর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউখালী থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রথমে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে ময়নাতদন্তের প্রক্রিয়ার জন্য থানায় আনা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়ই মনোমালিন্য হতো। তিনি দোকানে কাজের চেয়ে মোবাইল গেমসে বেশি সময় ব্যয় করতেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার কিছু সময় আগেও তাঁর স্ত্রী তাঁর কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে যান বলে স্থানীয়দের মুখে শোনা যায়। তবে এই কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।