পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষতির দাবি

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষতির দাবি

পিরোজপুর শহরের কালীবাড়ি রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি ফিরে যান। এর কিছুক্ষণ পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই হঠাৎ একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত দোকানগুলো হলো—ধীমান মিস্ত্রির চায়ের দোকান, জাহাঙ্গীর হোসেনের টেইলার্স, মশিউর রহমানের সাইকেল ও পার্টসের দোকান, আবু জর মোল্লার হার্ডওয়্যারের দোকান, আলী আকবর আকনের সাইকেল ও প্লাস্টিকের দোকান এবং মো. মহসিন শেখের মুদি ও মনোহরি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের মালামাল পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত আগুন নেভানো সম্ভব না হলে আশপাশের অন্তত আরও ১৫টি দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। বড় ধরনের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা করা সম্ভব হয়েছে। 

তিনি আরও জানান, আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিতভাবে জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।