আগৈলঝাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৮ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা

দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুবিধা, সম্ভাবনা এবং এর সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় সৌরবিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের ধারণা, প্রচলিত ভুল বিশ্বাস ও বিদ্যমান নীতিগত প্রতিবন্ধকতা তুলে ধরে একটি নীতিপত্র উপস্থাপন করা হয়।

আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে "ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা" বিষয়ক নীতিপত্র উপস্থাপন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এজিএম লুৎফর রহমান।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং সামগ্রিক জ্বালানি নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি করছে। 

উপস্থাপিত নীতিপত্রে উল্লেখ করা হয়, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কেবল ক্যাপাসিটি চার্জ বাবদই ১ লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করেছে। অথচ এই অর্থ দিয়ে দেশে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা সম্ভব হতো।

বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য রক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সৌরবিদ্যুৎ অন্যতম কার্যকর মাধ্যম। এটি একদিকে যেমন জ্বালানি আমদানিনির্ভরতা ও সরকারি ভর্তুকি কমাবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় বড় অবদান রাখবে।

তবে এই সম্ভাবনাময় খাতটির সম্প্রসারণে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে বক্তারা বলেন, সাধারণ মানুষের সচেতনতার অভাব, ভুল ধারণা, প্রাথমিক উচ্চ বিনিয়োগ, প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি, গ্রিড সংযোগের জটিলতা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় পর্যায়ে এসব বাধা দূর করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও ব্যবসায়ী সমাজের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বিদ্যুৎ অফিসের ওয়ারিং পরিদর্শক ইমরান মীর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, ব্যবসায়ী এস এম আলমগীর, মেহেদী হাসান, আলামিন মোল্লা, নাঈম মিয়া, বাশাইল এলাকার ব্যবসায়ী শামীম সিকদার, বাগধা এলাকার রাব্বি হাওলাদার, শাকিল মাহমুদ, হাবিব শেখ, শাকিল হাওলাদার ও আব্দুল গফফার প্রমুখ। 

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।