জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কাদের মির্জাসহ স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা অনুমোদন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪০ এএম
শেয়ার করুন:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: কাদের মির্জাসহ স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা অনুমোদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদক সূত্রে জানা গেছে, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার প্রাথমিক প্রমাণ মিলেছে। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে। 

অন্যদিকে, তাঁর স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাঁর বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়। 

এ ছাড়া তাঁদের ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে বাবার সহায়তায় ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই ধারায় পৃথক আরেকটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। 

বিষয়টি নিশ্চিত করে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র আগেই প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কমিশন থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। তবে অনুমোদনের আনুষ্ঠানিক কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।” 

তিনি আরও জানান, প্রধান কার্যালয় থেকে অনুমোদনের আনুষ্ঠানিক নথিপত্র হাতে পাওয়া মাত্রই তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।